রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল
- প্রকাশের সময় : ০১:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 80
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী এসআই শেখ আবজালুল হকের জেরাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোল সৃষ্টি হয়েছে। জেরার এক প্রশ্নকে ঘিরে প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক তর্ক হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর ট্রাইব্যুনাল-২-এর দুই সদস্যের বিচারিক প্যানেলে এই ঘটনা ঘটে। প্যানেলের নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং অন্য সদস্য ছিলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
জেরার এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী রাজসাক্ষীকে প্রশ্ন করেন, গত বছরের ৫ আগস্ট থানার কোনো পুলিশ মারা গেছেন কিনা। রাজসাক্ষী উত্তর দেন, “না, তবে একজন মারা গেছেন, তিনি অন্য ইউনিটের, যার তদন্তে ছিলাম আমি, কিন্তু শেষ করতে পারিনি।” প্রসিকিউশন আপত্তি জানালে তর্ক প্রায় ঘণ্টাখানেক চলার পর ট্রাইব্যুনাল হস্তক্ষেপ করে বিষয়টি থামায়।
আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও সাতজন হত্যার দায়ে ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু হয়। আবজালুল জানিয়েছেন, ৫ আগস্ট লাশ নিজে দেখেননি, তবে পরে ১৫ আগস্ট অন্যের মুখে শুনেছেন। তিনি উল্লেখ করেছেন, লাশ পোড়ানোর ঘটনায় ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ জড়িত ছিলেন।
মামলায় ১৬ আসামির মধ্যে দোষ স্বীকার করেছেন এসআই শেখ আবজালুল হক। আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয়ার পর বিচার শুরুর আদেশ হয়। আট আসামি গ্রেপ্তার হয়েছেন, অপর আটজন এখনও পলাতক।
গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ প্রাণ হারান এবং তাদের লাশ পুলিশ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একজন বেঁচে থাকলেও পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।






















