অ্যাঙ্গোলার মাঠে আর্জেন্টিনার ঘাম ছুটানো জয়
- প্রকাশের সময় : ০৭:৫৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 74
অ্যাঙ্গোলার মাঠে সহজ জয়ের প্রত্যাশা ছিল আর্জেন্টিনাকে নিয়ে। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও রদ্রিগো ডি পলকে নিয়ে শক্তিশালী দল মাঠে নামলেও স্বাগতিকদের শক্ত রক্ষণ ভাঙতে বেশ কষ্ট হয় বিশ্বচ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে বছর শেষ করে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ। ম্যাচের শুরুতেই গোল খাওয়ার শঙ্কায় পড়ে আর্জেন্টিনা। ১২ মিনিটে কর্নার থেকে নেওয়া শট বিপদমুক্ত করতে ব্যর্থ হয় তাদের রক্ষণভাগ। তবে গোলরক্ষক রুলি দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।
২১ মিনিটে লাউতারোর থ্রু বলে গোলের দারুণ সুযোগ পান মেসি, কিন্তু তার শট ঠেকান অ্যাঙ্গোলার গোলরক্ষক মারকেস। ৩৯ মিনিটেও সুযোগ পান মেসি, কিন্তু ক্রসবারের ওপর দিয়ে যায় বল। প্রথমার্ধের শেষদিকে এসে গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে মেসির নিখুঁত পাস থেকে নিচু শটে জাল খুঁজে পান লাউতারো।
বিরতির পর সেভাবে সুযোগ না পেলেও শেষ দিকে ব্যবধান বাড়াতে সক্ষম হয় আর্জেন্টিনা। ৮২ মিনিটে লাউতারোর পাস থেকে মেসি সহজেই গোল করেন। যদিও মুহূর্তটি ছিল কিছুটা অপ্রত্যাশিত, কারণ প্রতিপক্ষ বল ক্লিয়ার করার পরই লাউতারোর পায়ে বল এসে পড়ে।
অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ফর্মে ছিল আর্জেন্টিনা। তবে এই ম্যাচে কয়েকজন মূল খেলোয়াড়কে পায়নি স্ক্যালোনির দল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে এর আগে স্পেনে সপ্তাহজুড়ে প্রস্তুতিও সেরেছিল তারা।
অন্যদিকে অ্যাঙ্গোলা ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। তাই শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা দলটির বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনাকে ঘাম ঝরাতেই হয়েছে।























