রাকসু নারীদের বোরখা ছবি নিয়ে কটুক্তি : ক্ষমা ও শোকজের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 95
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) নির্বাচিত নারী প্রতিনিধিদের বোরখা পরা ছবি নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের ফেসবুক পোস্টকে পর্দার অবমাননা উল্লেখ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ক্যাম্পাসে এই বিক্ষোভ হয়। শিক্ষকের প্রকাশ্যে ক্ষমা ও বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা।
রাকসুর মহিলা সম্পাদক সায়েদা হাফসা বলেন, হিজাব পরেও নারীরা যখন অপ্রতিরোধ্য, তখন একটি পক্ষ কটুক্তি করে তাদের থামিয়ে দিতে চাইছে। ভোটে নির্বাচিত নারী প্রতিনিধিদের ছবি ব্যবহার করে টু-কোয়াটার ও মদের বোতল নিয়ে ক্লাসে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। এটি নারী ও মুসলিম পরিচয়ে আঘাত। এমন কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং বহিষ্কার করতে হবে।
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, “আমরা আগামীকাল সকাল ৯টা থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে অবস্থান করবো। জনাব আ-আল মামুন সাহেবকে তার বর্ণনা করা পোশাকে বিভাগে এসে দেখাতে হবে স্বাধীনতা ঠিক কী। হিজাব ইস্যু সামনে এসেছে, এখন এর একটা সমাধান টানা জরুরি। অনেক বিভাগেই নিকাবকে কেন্দ্র করে আজও কটূক্তি হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিমালা না করলে এটা থামবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে যেভাবে নীতিমালা হয়েছে, এখানেও তা করতে হবে।”
তিনি আরও বলেন, “তিন সেকেন্ড বা তিন মিনিট পোস্ট ছিল কিনা তা আমাদের বিষয় নয়। এখানে শিক্ষার্থীদের অস্তিত্বে আঘাত লেগেছে।”
এর আগে অধ্যাপক আ-আল মামুন তার ডিলিট করা পোস্টে লেখেন, “এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডোর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়াটার, আর হাতে থাকবে মদের বোতল…” পরে পোস্টটি ডিলিট করলেও স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ক্ষোভ বাড়ে ক্যাম্পাসে।

























