হতে পারে এটা আমার জীবনের টার্নিং পয়েন্ট : জেমস

- প্রকাশের সময় : ০২:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 103

সংগীতাঙ্গনে সম্প্রতি কানাঘুষা চলছিল, আবার বিয়ে করেছেন রকস্টার জেমস। জানা গেছে, চার মাস আগে তাদের কোলজুড়ে এসেছে এক পুত্রসন্তান।
জেমস জানান, তার আগের স্ত্রী বেনজীরের সঙ্গে বিচ্ছেদ কার্যকর হয় ২০১৪ সালে। তখন বেনজীর কন্যাসন্তানকে নিয়ে চাকরির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জেমস জানান, যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার সুযোগ না থাকায় কয়েক বছর আলাদা থাকার পর তারা পারস্পরিক বোঝাপড়ায় আলাদা হয়ে যান। তবে কন্যাসন্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার।
বিচ্ছেদের প্রায় এক দশক পর ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে নামিয়া আমিনের সঙ্গে পরিচয় হয় জেমসের। লস অ্যাঞ্জেলেসের এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় দুজনের, সেখান থেকেই শুরু হয় যোগাযোগ ও পরবর্তীতে প্রণয়। এরপর একসঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন তারা।
জেমস বলেন, “হতে পারে এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এ অনুভূতি অসাধারণ। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই জিবরান ও তার মায়ের জন্য দোয়া রাখবেন।”
নামিয়া আমিনও তাদের নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন। তিনি বলেন, “জিবরানকে নিয়ে আমি আর জেমস অনেক আনন্দে আছি। সত্যিই জীবনের সেরা সময় পার করছি।”






















