ভোটে এআই’র অপব্যবহার রোধে সমন্বিত সেল গঠন করা হবে : সিইসি
- প্রকাশের সময় : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 86
আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপতথ্য ও মিথ্যা তথ্য ব্যবহার করে এআই-এর অপব্যবহারের শঙ্কা রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্র থেকে প্রত্যন্ত অঞ্চলে সঠিক তথ্য পৌঁছে দিতে একটি সমন্বিত সেল গঠন করা হবে।
সিইসি বলেন, “পরিকল্পনা করেছি মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন এড্রেস করার জন্য একটি সেন্ট্রাল সেল করবো। এটি ২৪ ঘণ্টা সচল থাকবে এবং ফ্যাক্ট চেকিং মেকানিজম কার্যকরভাবে পরিচালনা করা হবে।”
মঙ্গলবার অনুষ্ঠিত সেমিনারে এনটিএমসি, এমআইএসটি, বিটিআরসি, সিআইডি, আইসিটি বিভাগ, আইএফইএস, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসিস এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সিইসি আরও বলেন, “দেশের কোনো প্রান্ত থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে এআই ব্যবহার করে তা দ্রুত রোধ করার পাশাপাশি সঠিক তথ্য পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট সুপারিশ আশা করি।” তিনি কারিগরি বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে কার্যকর ও সমন্বিত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।





















