জেনেভা ক্যাম্পে অভিযানে ৩২টি ককটেল উদ্ধার, আটক ৪ : সেনাবাহিনী
- প্রকাশের সময় : ১২:১৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 84
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার ও চারজনকে আটক করা হয়। পরে বসিলা আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট এসব ককটেল নিষ্ক্রিয় করে।
সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বসিলা ক্যাম্পে প্রথমে ১৮টি ও পরে ১৪টি—মোট ৩২টি ককটেল নিষ্ক্রিয় করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, ককটেলগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল।
২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির উপকরণ ও মাদক উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে প্রথম দফায় তিনজনকে গ্রেপ্তার করা হয়; তাদের কাছ থেকে সাতটি ধারালো অস্ত্র ও তিনটি স্প্রিন্টার পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যে রাতে জেনেভা ক্যাম্পে আরও একটি অভিযানে একজনকে আটক করা হয়। ওই বাসা থেকেই ৩২টি তাজা ককটেল, মার্বেল, গান পাউডার ও বিস্ফোরক তৈরির অন্যান্য উপকরণ উদ্ধার হয়।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম জানান, ব্লেন্ডার মেশিনের মাধ্যমে মার্বেল ও গান পাউডার মিশিয়ে এসব ককটেল তৈরি করা হয়েছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদে মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে।




















