দেশের আইনশৃঙ্খলা অবনতি ও তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে রাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ১২:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / 95
দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এবং তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একাংশ শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক গুম, খুন, অগ্নিকাণ্ডসহ নানা সন্ত্রাসী ঘটনায় জননিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। তারা উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। একই সঙ্গে বক্তারা প্রশ্ন তোলেন, তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন এখনো কেন আলোর মুখ দেখল না।
মানববন্ধনে অংশ নেওয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গুম, খুন, অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলো কোনোভাবেই কাকতালীয় নয়। আমার ধারণা, এটি বৈদেশিক ষড়যন্ত্রের অংশ—যার মাধ্যমে একটি বিশেষ শক্তি ধারাবাহিকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আজকের এই ভঙ্গুর পরিস্থিতির দায় ইন্টেরিম সরকার কোনোভাবেই এড়াতে পারে না।”
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তিস্তা চুক্তির দ্রুত বাস্তবায়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় ২৫জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


























