পিআর আন্দোলন জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ
- প্রকাশের সময় : ০৯:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 96
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ বলেন, আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে চালিত করার জন্য এবং জনগণের অভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করতে।
তিনি লেখেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের দাবি ছিল সংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা। আমরা সেই সংস্কারের চারপাশে গণআন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামো বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম।
কিন্তু জামায়াত ও তাদের মিত্ররা এ এজেন্ডা ছিনতাই করে একে সুকৌশলে পিআর ইস্যুতে নামিয়ে আনে এবং নিজেদের দলীয় স্বার্থে তা ব্যবহার করে। তাদের উদ্দেশ্য ছিল না সংস্কার, বরং কৌশলী প্রতারণা, বলেন নাহিদ।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত কখনোই কোনো সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি—না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি কিংবা গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি।
নাহিদের দাবি, ঐকমত্য কমিশনে জামায়াতের হঠাৎ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া ছিল রাজনৈতিক অনুপ্রবেশ—সংস্কারের ছদ্মবেশে নাশকতা।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন এ প্রতারণা বুঝে গেছে এবং আর কখনো কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারী শক্তির দ্বারা প্রতারিত হবে না।
























