মতামতহীন ‘মতবিনিময় সভা’য় ইউজিসি চেয়ারম্যান, সাংবাদিকদের প্রশ্নে বাধা
- প্রকাশের সময় : ০৯:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 82
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আগমন উপলক্ষে এক ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সভার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করা। তবে সভায় কেউই নিজের মতামত প্রকাশের সুযোগ পাননি, যা নিয়ে শিক্ষার্থী ও উপস্থিতদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বি প্রিতম উপহাসের সুরে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো ইউজিসি চেয়ারম্যানের জন্য কুয়াকাটার লঞ্চের টিকিট কেটে রেখেছিল, নাহলে আমরা নিশ্চয়ই মত প্রকাশ করতে পারতাম।”
অন্য এক শিক্ষার্থী শিবলী আহমেদ বলেন, “এমন একপাক্ষিক মতবিনিময় সভা আমি জীবনে দেখিনি। ক্যাম্পাসে অনেক সমস্যা থাকা সত্ত্বেও কাউকে কিছু বলতে দেওয়া হয়নি। প্রশাসন হয়তো অনিয়ম আড়াল করতেই শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দেয়নি।”
সভাটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় প্রায় এক ঘণ্টা দেরিতে, বিকেল ৪টার দিকে। সভায় ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম, বরং শিক্ষক ও কর্মকর্তারাই ছিলেন সংখ্যাগরিষ্ঠ।
অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের সাংবাদিকরা ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন অজুহাত দেখিয়ে বাধা দেন। পরে অন্যান্য শিক্ষকও সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগ করে তাদের প্রশ্ন সীমিত রাখতে বলেন। পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকরা অল্প কয়েকটি প্রশ্ন করেই স্থান ত্যাগ করেন।


























