আগের সংসার নিয়ে মুখ খুললেন তনির স্বামী

- প্রকাশের সময় : ০৫:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 66
নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির সাম্প্রতিক বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। তার বর্তমান স্বামী মো. সিদ্দিকের আগের সংসারের সন্তানদের ছবি শেয়ার করে অনেকেই তনিকে দায়ী করছেন তাদের সংসার ভাঙার জন্য। তবে এই সমালোচনার জবাব দিয়েছেন সিদ্দিক নিজেই।
সোমবার (১৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত স্ট্যাটাসে তিনি বলেন, ‘তনি এখন আমার স্ত্রী, এটা আমি গতকাল (রোববার) জানিয়েছি। এরপর থেকেই আমাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। আমরা কারও অনুভূতিতে আঘাত করতে চাইনি, শুধু নতুন জীবন শুরু করেছি।’
সিদ্দিক বলেন, ‘আমার এবং প্রাক্তন স্ত্রীর বিচ্ছেদ হয়েছে ছয় বছর আগে, ২০১৯ সালে। তিনি নিজের জীবনে ভালো আছেন। কেউ কেউ আমার সন্তানদের ছবি ব্যবহার করে নানা মন্তব্য করছেন, যা একেবারেই অনুচিত। শিশুরা নির্দোষ, তাদের গোপনীয়তা রক্ষা করা সবার দায়িত্ব।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ও তনি দুজনই প্রাপ্তবয়স্ক, এবং আমরা বৈধভাবে নতুন জীবন শুরু করেছি। তনি নিজেও একজন বিধবা। আমরা কোনো আইন ভাঙিনি, শুধু ভালোবাসাকে বেছে নিয়েছি।’
সিদ্দিকের পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে তনি লিখেছেন, ‘না জেনে না বুঝে বাচ্চাদের যারা সবকিছুতে জড়ান, এটা খুবই দুঃখজনক। আমাকে নিয়ে নিউজ করেন, সমস্যা নেই-আমার আইডিতে ফলোয়ার বাড়ে।’
সেই রাতে সিদ্দিক তার জন্মদিন উপলক্ষে একটি ছবি পোস্ট করেন এবং লেখেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য প্রিয় স্ত্রীকে ধন্যবাদ। তোমায় ভালোবাসি।’
জবাবে তনি লেখেন, ‘তোমার মতো একজন বিশেষ মানুষের জন্য বছরে একটা দিন যথেষ্ট নয়। জন্মদিনের অনেক শুভেচ্ছা।’
উল্লেখ্য, এর আগেও তনি সমালোচনার মুখে পড়েন তার দ্বিতীয় স্বামী, ব্যবসায়ী শাহাদাৎ হোসাইনের সঙ্গে সম্পর্কের সময়। গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎ হোসাইন মারা যান। বয়সের ব্যবধান নিয়ে সে সময়ও তনিকে নিয়ে তীব্র ট্রল ও নেতিবাচক মন্তব্য ছড়ায় অনলাইনে।






















