জুয়ার বিজ্ঞাপনের ছড়াছড়ি, বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার উদ্যোগ

- প্রকাশের সময় : ১১:৫৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 40
বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। এসব বিজ্ঞাপন থেকে অর্জিত অর্থের ওপর কোনো ভ্যাট বা কর প্রদান করা হয় না। এ কারণে ওয়েবসাইটটি বাংলাদেশে ব্লক করার উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (১৩ অক্টোবর) দিনগত রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
তিনি লিখেছেন, “এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো ডটকম। অনলাইন জুয়া ও এর প্রচার বাংলাদেশ সাইবার সুরক্ষা আইন ২০২৫-এর আওতায় নিষিদ্ধ। জুয়ার কারণে দেশের যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অর্থ পাচার হচ্ছে।”
তৈয়্যব জানান, সরকারের পক্ষ থেকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ইতোমধ্যে ক্রিকইনফোকে ইমেইল পাঠিয়েছে এবং পরবর্তীতে ডাকযোগে রেজিস্টার্ড চিঠিও পাঠানো হবে।
তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে ক্রিকইনফোতে কোনো জুয়ার বিজ্ঞাপন নেই। অথচ বাংলাদেশে তারা অবৈধভাবে এসব বিজ্ঞাপন দিচ্ছে এবং আয় থেকে সরকারকে কোনো কর বা ভ্যাট দিচ্ছে না।”
জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়্যব। এ বিষয়ে জনমত সংগ্রহ করবে এনসিএসএ।




















