হামজাদের হারের দিনে আমিরাতকে হারাল অর্পিতারা
- প্রকাশের সময় : ০৯:০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 77
বাংলাদেশের ফুটবলে চলছে ব্যস্ত সময়। ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হামজারা হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে হারলেও, কিছুক্ষণ পরই দুবাইয়ে সুখবর দেয় অর্পিতারা। সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ের আগে প্রস্তুতি হিসেবে আরব আমিরাতে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখে অর্পিতারা। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে ৩-০ ব্যবধানে মাঠ ছাড়ে তারা।
বাফুফের নারী দলের মিডিয়া ম্যানেজারের তথ্যমতে, আলপী দুটি ও প্রীতি একটি গোল করেন।
আগামীকাল সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ দল জর্ডানের উদ্দেশে রওনা দেবে। তবে ভিসা জটিলতার কারণে তিনজন কোচিং স্টাফ দুবাই যেতে পারেননি; তারা সরাসরি জর্ডান যাচ্ছেন। সেখানে ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে অর্পিতারা।
এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের মূল পর্বে উঠতে হলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।























