লাইফ সাপোর্টে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম
- প্রকাশের সময় : ০৮:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 78
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছে।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকালে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক ও এক পথচারীর সহায়তায় তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা শেষে ২০১৮ সালে অবসর নেন তিনি। পরবর্তীতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ঘোষণা করা হয়।
সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত।

























