ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৪২
- প্রকাশের সময় : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 110
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে। একই সময়ে নতুন করে ১,০৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,০৪২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ২০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৮ জন, দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৮২ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৪৯ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৭ হাজার ২৫৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি নাগরিকদের সচেতনতা বাড়াতে এবং দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।























