ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?
- প্রকাশের সময় : ০১:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 91
ফুটবলে এতদিন মাঠে রেফারির হাতে দেখা যেত শুধু হলুদ ও লাল কার্ড। তবে এবার নতুন রঙের কার্ডের দেখা মিলেছে। চিলিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথমবার ব্যবহার হলো ‘গ্রিন কার্ড’।
রোববার মরক্কো ও স্পেনের ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তে মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি এই গ্রিন কার্ড দেখান। নিয়ম অনুযায়ী, কোচ গ্রিন কার্ড দেখালে রেফারি বাধ্য থাকবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। ঘটনাটি পর্যালোচনা করে রেফারি পেনাল্টি বাতিল করেন এবং স্পেনের খেলোয়াড়কে ডাইভ দেওয়ার জন্য হলুদ কার্ড দেখান। শেষ পর্যন্ত মরক্কো ২-০ গোলে ম্যাচ জেতে।
ফিফার এই পরীক্ষামূলক উদ্যোগের লক্ষ্য হলো মাঠের বিতর্ক কমানো এবং কোচদের সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ দেওয়া। প্রতিটি দল ম্যাচে সর্বোচ্চ দুবার এ সুযোগ পাবে। কার্ডটি গ্রিন ছাড়াও কিছু টুর্নামেন্টে নীল বা বেগুনি হতে পারে।
এটি অনেকটা ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), টেনিসের হক-আই কিংবা আমেরিকান ফুটবলের কোচেস চ্যালেঞ্জের মতো। ইতিমধ্যেই মরক্কো-স্পেন ছাড়াও মেক্সিকোর এক ম্যাচে ব্যবহৃত হয়েছে এই নিয়ম।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, গ্রিন কার্ড ফুটবলে স্বচ্ছতা ও ন্যায্যতা আনতে সাহায্য করবে। তবে এটি স্থায়ীভাবে গৃহীত হবে কি না, তা নির্ভর করছে সময় ও অভিজ্ঞতার ওপর।
উল্লেখ্য, ২০২৩ সালে পর্তুগালে নারীদের এক ম্যাচে প্রথমবার ‘হোয়াইট কার্ড’ চালু হয়েছিল ফেয়ার প্লের স্বীকৃতি হিসেবে, তবে সেটি জনপ্রিয়তা পায়নি। এবার ফিফার নজর গ্রিন কার্ডে—যা ফুটবলকে নতুন যুগে প্রবেশ করাতে পারে।























