নতুন পে স্কেলের অনুপাত হিসাব হবে যেভাবে
- প্রকাশের সময় : ০৮:৫৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 88
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে মতামত নিচ্ছে জাতীয় বেতন কমিশন। ১ অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে চারটি ক্যাটাগরিতে মোট ৩২টি প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে।
সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি হলো— প্রস্তাবিত পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কত হওয়া উচিত। উত্তরের জন্য দেওয়া হয়েছে ১:৮, ১:১০, ১:১২ ও অন্যান্য অপশন। অর্থাৎ ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ১০০ টাকা হলে, সর্বোচ্চ বেতন হতে পারে যথাক্রমে ৮০০, ১০০০ বা ১২০০ টাকা।
বর্তমানে গ্রেড–১ ও গ্রেড–২০–এর বেতনের অনুপাত প্রায় ১০:১। কমিশনের ধারণা, নতুন কাঠামোতেও এ অনুপাত ৮:১ থেকে ১০:১ এর মধ্যেই থাকবে। প্রতিবেশী ভারতসহ অন্যান্য দেশেও অনুরূপ ব্যবস্থা রয়েছে।
নিচের গ্রেডের কর্মচারীরা দাবি করছেন, অনুপাত যতই কমানো হোক না কেন, প্রকৃত বৈষম্য থেকেই যাবে। কারণ সর্বনিম্ন বেতন বাড়লেও বাজারদর সমানভাবে প্রভাব ফেলবে।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ৯ম জাতীয় বেতন স্কেল গেজেট আকারে বাস্তবায়ন করবে সরকার। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না। তিনি জানান, ২০২৬ সালের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর হতে পারে এবং চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ জন্য অর্থ বরাদ্দ রাখা হবে।
গত ২৭ জুলাই সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে গঠিত হয়েছে জাতীয় বেতন কমিশন ২০২৫, যাদের ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা।

























