বিজয়া দশমী আজ, দেবী দুর্গার বিসর্জন
- প্রকাশের সময় : ১২:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 103
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর)। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
সকালে সারাদেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বিহিত পূজা। এরপর হবে দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জন। স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা কৈলাসে ফিরে যান। ভক্তদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ আয়োজন।
দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে নারীরা সিঁদুর খেলায় অংশ নেবেন। স্বামীর মঙ্গল কামনায় দেবীর সিঁথির সিঁদুর নিজেদের সিঁথিতে লাগাবেন তারা এবং একে অপরকে সিঁদুর পরিয়ে দেবেন। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করা হবে।




















