মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত
- প্রকাশের সময় : ০৯:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 88
রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বে অবহেলার কারণে ডিউটিরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড্ডা থানার এক উপপরিদর্শক (এসআই), এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, “কর্তব্যে অবহেলার কারণে সাত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং বাড্ডা থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য বাউন্ডারির ভেতরে নির্মাণাধীন ভবনের দোতলায় ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘুমন্ত পুলিশ ও আনসার সদস্যদের পাশ থেকে চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ছিল শটগানের ৩০ রাউন্ড গুলি।
পরে সকাল পৌনে ১০টার দিকে মণ্ডপসংলগ্ন একটি পতিত জায়গা থেকে ব্যাগগুলো উদ্ধার করে পুলিশ। এসময় চুরি হওয়া গুলিও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
ডিসি তারেক মাহমুদ বলেন, “গুলিগুলো উদ্ধার করা সম্ভব হলেও এটি স্পষ্টত দায়িত্বে অবহেলা। তাই সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”






















