পাহাড়ে ধর্ষণ এবং সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় : ০৭:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 110
খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির আদিবাসী মার্মা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং গুইমারা লামসু বাজারে আগুন দিয়ে ঘরবাড়ি পােড়ানাের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আদিবাসী শিক্ষার্থীরা৷
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই বিক্ষোভ সমাবেশ পালন করে প্রায় অর্ধ শতাধিকের বেশি আদিবাসী শিক্ষার্থীরা৷
এ সময় তারা পোস্টার হাতে জ্বালো জ্বালো আগুন জ্বালো,পাহাড়ে গুলি কেন- জবাব চাই দিতে হবে, ওয়ান টু থ্রি ফোর মিলিটারি রুল নাে মাের,ধর্ষকের পাহারাদার ইউনুস সরকার,পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও নিতে হবে,আমার বোনের ধর্ষণ কেন প্রশাসনের জবাব চাই,পাহাড়ে আগুন কেন জবাব চাই দিতে হবে,আগুন জ্বলে পাহাড়ে ইউনুস সরকার কি করে, এক দেশ দুই নীতি মানি না মানবো না,সারা দেশে নারী নিপীড়ন বন্ধ করো করতে হবে,পাহাড় থেকে সমতলে লড়াই হবে সমান তালে সহ বিভিন্ন স্লােগান দেয়৷
এসময় পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা বলেন, পাহাড়িদের মৌলিক অধিকার দিনদিন সংকুচিত হচ্ছে। আমাদের যে ধর্ষণ বিরোধী আন্দোলন সেটাকে সাম্প্রদায়িক দিকে নিয়ে যাওয়া হয়েছে৷ যেই বাহিনীর উপর আমরা নিরাপত্তার ভার দিয়ে রেখেছি সেই বাহিনী ধর্ষণ বিরোধী আন্দোলনকে ধাপাচাপা দেওয়ার কারণে বিভিন্নভাবে রুখে দাড়াচ্ছে৷ আমরা চাই পাহাড়ে গুম, হত্যা, খুন, ধর্ষণ এবং ভূমি বেদখল অচিরেই বন্ধ হােক৷
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী বিভা চাকমা বলেন, কোনাে একটা জাতি যাদের সাথে আমাদের রক্ত,ভাষার কোনাে মিল নাই তারা ধর্ষণকে সাপাের্ট করছে যাতে ধর্ষিতা বিচার না পায়৷
তিনি আরো বলেন, আপনাদের লজ্জা করেনা আমাদের কোটা নিয়ে খােটা দিতে? আপনারা তো মেধাবী, আপনারা কী পড়াশোনা শেষে যাবেন আমাদের পাহাড়ে আলো জ্বালতে,যাবেন কী আমার পাহাড়ে শিক্ষার আলো ছড়াতে? তাহলে কেন আপনারা কোটা নিয়ে খোটা দেন?পাহাড় তো একটুকু একটা জায়গা তাহলে কেন সেনাবাহিনীরা পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে পারেনা?
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন,৫ আগস্ট এর পরে আমরা একাধিক বার ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছি৷ গত ২৩ সেপ্টেম্বর আমার মার্মা বোনকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নামলে আন্দোলনকারীদের কে হামলা এবং গ্রেফতার করা হয়৷ আমরা যখন ধর্ষণ নিয়ে আন্দোলন করেছি তখন আমাদের হামলা বা গ্রেফতার করা হয়নি৷ কিন্তু পাহাড়ে তা হয়েছে, এমনকী তাদের উপর গুলি করাও হয়েছে৷ এতেই প্রমানিত হয় রাষ্ট আমাদেরকে এক চোখে দেখে না৷


























