পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার
- প্রকাশের সময় : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / 95
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ি ও বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জানমালের ক্ষয়ক্ষতি রোধ এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর থাকতে হবে। এছাড়া পাহাড়ে শুধুমাত্র সরকারি বাহিনীর কাছে অস্ত্র থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
সভায় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সভাপতিত্ব করেন। এতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, সেনা ও পুলিশ কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রয়েছে। বৃহস্পতিবার থেকে জুম্ম ছাত্র-জনতার ডাকায় সড়ক অবরোধ চলছে। এতে জেলার যান চলাচল বন্ধ রয়েছে এবং সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল জোরদার করেছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করা হয় এবং পুলিশ সহায়তায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে।




















