বিশ্ব পর্যটন দিবস আজ
- প্রকাশের সময় : ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 85
আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হচ্ছে। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার এ বছরের প্রতিপাদ্য— ‘টেকসই উন্নয়নে পর্যটন’।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ। এ শিল্প টেকসই উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করছে, পাশাপাশি ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মকে এ খাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
১৯৮০ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে এ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মসূচি গ্রহণ করেছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশে সর্বোচ্চ ৬ লাখ ২১ হাজার বিদেশি পর্যটক এসেছিলেন। করোনার পর এ সংখ্যা কমে গেলেও ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ২ লাখের বেশি বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২২ সালের সূচকে ১১৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন।




















