প্রকাশ্যে চুল কেটে দেওয়া সম্পূর্ণ অমানবিক, বেআইনি: আসক
- প্রকাশের সময় : ১১:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 92
কয়েক ব্যক্তি মিলে প্রকাশ্যে জোর করে এক পথচারীর চুল কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আসক জানায়, এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
সংস্থাটি উল্লেখ করে, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩১ নাগরিককে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে, অনুচ্ছেদ ৩২ জীবন ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে এবং অনুচ্ছেদ ৩৫ নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে কারও চুল কেটে দেওয়া শুধু মৌলিক অধিকার লঙ্ঘন নয়, বরং ভুক্তভোগীর মর্যাদার ওপরও সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা সমাজে ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়ায়।
আসক মনে করে, এ ধরনের কাজ আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থি। সংস্থাটি দ্রুত দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানায়। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো নাগরিক এ ধরনের অবমাননা ও বেআইনি আচরণের শিকার না হন, সে বিষয়ে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।




















