শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
- প্রকাশের সময় : ১০:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 84
বিসিবি নির্বাচন ঘিরে নাটকীয়তা চরমে পৌঁছেছে। প্রতিদিনই নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে অনুষ্ঠিত কাউন্সিলরদের প্রার্থিতার আপত্তি শুনানিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। চাপ আমার ওপর অনেক। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে, কোর্টে রিট হতে পারে, মামলাও হতে পারে। কেন হবে, সেটা আপনারাই ভালো জানেন।”
তামিম জানান, তিনি গত ৫-৬ বছর ধরে চট্টগ্রামের স্থানীয় শতদল ক্লাব পরিচালনা করছেন এবং আরও কয়েকটি দলের সঙ্গেও জড়িত। তাই সংগঠক হিসেবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে বিরূপ পরিস্থিতির বিষয়ে তামিম বলেন, “আমার নিজেরই লজ্জা লাগছে আজ এখানে এসে ব্যাখ্যা দিতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণের জন্য। আমি আবারও বলছি, সঠিকভাবে নির্বাচন করি। হেরে যাই, কে সভাপতি হোক তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু শুধু ইগো বা জেতার জন্য এই নোংরামি কইরেন না।”
তিনি আরও যোগ করেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। “ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি নির্বাচন করবো কী না। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দেওয়া হবে কী হবে না।”
শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তামিম বলেন, “আমার পক্ষ হয়ে কারও কথা বলার দরকার নেই। সত্যের পক্ষে কথা বলুন। আমি যদি ভুল করি, সেটা অবশ্যই তুলবেন। আর আমার সঙ্গে কোনো ভুল হলে সেটাও তুলে ধরা আপনাদের দায়িত্ব।”

























