‘আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত’
- প্রকাশের সময় : ০৭:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 125
জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ।
সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান সাক্ষ্য দেন। তিনি জানান, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। পরীক্ষায় নারীকণ্ঠটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে।
এদিন আদালতে বাজানো অডিওতে ‘হাসিনা ও তাপসের’ কথোপকথন শোনা যায়। ফোনালাপটিতে আন্দোলন দমন নিয়ে শেখ হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তারা। সেখানে তাকে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায়।
উল্লেখ্য, অডিওটি মার্চ মাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া একাধিক রেকর্ডিংয়ের একটি। এগুলো ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) রেকর্ড করেছিল বলে জানা যায়।
এর আগে চলতি মাসের শুরুতে ফাঁস হওয়া একই অডিওর অংশ পরীক্ষা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি, যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এমন অডিও ফাঁস এবং তার সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা জুলাই আন্দোলন ও অডিও প্রসঙ্গে নানা পোস্ট ও মন্তব্য করে যাচ্ছেন।






















