রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বরেই আয়োজনের দাবিতে শিবিরের ৪ দফা
- প্রকাশের সময় : ০৪:২৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 87
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বরেই করার দাবিসহ চার দফা দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে এসব দাবি জানান শাখা শিবির সভাপতি ও রাকসু সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ।
তিনি বলেন, রাকসু নির্বাচন অবশ্যই যথাসময়ে আয়োজন করতে হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বানচালের কোনো চেষ্টা হলে তা রুখে দিতে হবে নির্বাচন কমিশনকে। এজন্য শক্তিশালী ও নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
‘পোষ্যকোটা’ ইস্যুতে সৃষ্ট বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে জাহিদ অভিযোগ করেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম শাটডাউন কর্মসূচির মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার এই প্রবণতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ইতোপূর্বে একাধিকবার নির্বাচন পিছিয়েছে নির্বাচন কমিশন। এখন আর তারিখ পরিবর্তন না করে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে যথাসময়ে ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
শিবিরের চার দফা দাবি হলো—
১. ২৫ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
২. বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ রাখতে হবে।
৩. ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
৪. ভোটের ফলাফল ভোটের দিনই ঘোষণা করতে হবে।
‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ সমর্থিত ভিপি প্রার্থী জাহিদ আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এ নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, তা ধরে রাখার জন্য যথাসময়ে ভোট জরুরি। নির্বাচনের তারিখ পিছানো হলে শিক্ষার্থীদের আবেগ ও আগ্রহ নষ্ট হবে। তিনি অভিযোগ করেন, হেরে যাওয়ার ভয়ে একটি মহল নির্বাচন পিছানোর চেষ্টা করছে।
ছাত্রদলের নির্বাচন পেছানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রদল আমাদের বন্ধু সংগঠন। তবে কেবল একটি সংগঠনের মতামতের ভিত্তিতে নির্বাচন পিছানো উচিত নয়।”
পোষ্যকোটা প্রসঙ্গে জাহিদ দাবি করেন, রাকসু বানচালকারী গোষ্ঠীই এ ইস্যু সামনে এনে অপপ্রচার চালাচ্ছে। শিক্ষার্থীদের আটকে রাখা ও ভোটে অংশগ্রহণ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।



















