বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল শ্রীলঙ্কার
- প্রকাশের সময় : ১০:৩০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 69
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আগে ব্যাট করে ওপেনারদের ব্যর্থতায় চাপে পড়ে দল। শেষদিকে জাকের আলী ও শামীম হোসেনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তোলে তারা। জবাবে শ্রীলঙ্কা ৩২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। ইনিংসের মাত্র দুই ওভারের মধ্যে কোনো রান যোগ হওয়ার আগেই দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন সাজঘরে ফিরে যান। তবে ইনিংসের শেষ ভাগে জাকের আলী ও শামীম হোসেন পাটওয়ারীর ব্যাটে ভর করে দল ১৩৯ রানের লড়াইযোগ্য সংগ্রহ গড়ে।
লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কা শুরুতেই বিপাকে পড়ে। স্কোর ১৩ রানে থাকতে মোস্তাফিজের বলে কুশল মেন্ডিস ক্যাচ দিয়ে আউট হন লিটন দাসের হাতে। তবে এরপর পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা বড় জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। দুজন মিলে ৫২ বলে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। নিশাঙ্কা ৩৪ বলে ৫০ রান করার পর শেখ মেহেদীর বলে শরিফুলের ক্যাচে বিদায় নেন।
অন্য প্রান্তে কামিল মিশারা অপরাজিত থাকেন ৩২ বলে ৪৬ রানে। যদিও পথে কুশল পেরেরা (৯ বলে ৯) শেখ মেহেদীর বলে এলবিডব্লিউ হয়ে যান এবং দাসুন শানাকা (৩ বলে ১) তানজিম সাকিবের বলে মোস্তাফিজের ক্যাচে ফিরেন। শেষ দিকে চারিথ আসালাঙ্কা অপরাজিত ৪ বলে ১০ রান করে দলকে সহজ জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন শেখ মেহেদী, একটি করে উইকেট শিকার করেন মোস্তাফিজ ও তানজিম সাকিব।
এর আগে প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ।






















