নেপালে সহিংস বিক্ষোভে প্রাণহানি ১৪, বাতিল বাংলাদেশ-নেপাল ম্যাচ
- প্রকাশের সময় : ০৯:২৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 120
নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে হাজারও মানুষ রাস্তায় নামলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করেছে।
অস্থিতিশীল পরিস্থিতির কারণে মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে অনুষ্ঠিতব্য ফিফা প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সোমবার রাত সোয়া ৮টার দিকে ফেসবুকে এক পোস্টে ম্যাচ স্থগিতের ঘোষণা দেয়। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, “গ্যালারিশূন্য স্টেডিয়ামেও ঝুঁকি থেকে যায়। যেখানে জনগণ পার্লামেন্টে প্রবেশ করেছে, সেখানে স্টেডিয়ামে প্রবেশ করবে না—এমন নিশ্চয়তা নেই।”
বাংলাদেশ দল ও বাফুফে খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে নেপালের বিভিন্ন বিকল্প প্রস্তাবও কার্যকর হয়নি।
উল্লেখ্য, ফিফার সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফরে যায়। প্রথম ম্যাচে জামাল ভূঁইয়ারা স্বাগতিক নেপালের বিপক্ষে ড্র করেছিল। তবে দ্বিতীয় ম্যাচ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বাতিল হলো।
























