অর্ধ শতাধিক বিদ্যুৎ গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ:
সেই মিটার রিডার গাজীপুর থেকে গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৭:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 123

রাজবাড়ী সদর উপজেলার দুটি ইউনিয়নের অর্ধ শতাধিক বিদ্যুৎ গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি রেজাউল ইসলাম মুক্তারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়নের অর্ধ শতাধিক বিদু্যুৎ গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যায় রেজাউল। এ ঘটনায় রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে গত ১ জুলাই রাজবাড়ী সদর থানায় মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় রেজাউলের অবস্থান শনাক্ত করার পর বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার শিমুলতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, রেজাউল সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে মিটার রিডার হিসেবে হিসেবে কাজ করছেন। যেকারণে এলাকার অনেকেই তাকে চেনেন জানেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই দুটি ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ বিল পরিশোধের নামে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি বিদ্যুৎ অফিস থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধের জন্য নোটিশ দেওয়ার পর তারা বুঝতে পারেন রেজাউল তাদের সাথে প্রতারণা করেছে। তারা আরও জানান, বিলের টাকা নিয়ে সে গ্রাহককে বিলের কাগজে ভুয়া সীল ছাপ্পড় দেওয়ায় তারা রেজাউলের প্রতারণা বুঝতে পারেননি। এছাড়া নতুন সংযোগের কথা বলেও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে।























