জলদ তালে
অঝর বৃষ্টির পর বর্ষার কবিতা গানে মুগ্ধ দর্শক শ্রোতা

- প্রকাশের সময় : ০৭:৪৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 118

দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত অঝর বৃষ্টি। বর্ষার রূপ চেনাতেই যেন প্রকৃতির এই বর্ষণ। সন্ধ্যা প্রায় নেমে এল। প্রকৃতিও তখন শান্ত। রাজবাড়ী শহরতলীর পদ্মা নদীর পাড়ে গোদারবাজার এলাকায় ‘পদ্মাপুলক’ পয়েন্টে শুরু হয় বর্ষার অনুষ্ঠান জলদতালে। বর্ষার সঙ্গীত, নৃত্য, কবিতায় মুগ্ধ দর্শক শ্রোতা। দীর্ঘ সময় ধরে চলে এ অনুষ্ঠান। গত শুক্রবার রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজবাড়ী পৌরসভার সহযোগিতায় আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক মাজহারুল ইসলাম।
পদ্মাপাড়ে খোলামঞ্চে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনা উপস্থিত দর্শক শ্রোতাদের নির্মল আনন্দ জোগায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব নীলিমা আফরোজ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ।
শুরুতেই এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা; রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি পরিবেশন করেন আরিবা।
এরপর ওগো বৃষ্টি আমায় চোখের পাতা ছুয়োনা, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, আধুনিক গান পরিবেশন করেন জান্নাত ই আমিরা এবং লুবনা। আল্লাহ মেঘ দে পানি দে লোকোগানটি পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরিবেশিত হয় বর্ষা বরণ স্মৃতি হরণ দলীয় কবিতা। যেটি পরিচালনা করেন চায়না সাহা। রবীন্দ্রনাথের মন মোর মেঘের সঙ্গী এবং মেঘের ডমরু ঘন বাজে গানের তালে নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। পরিচালনায় ছিলেন মো. লালন। পরিবেশিত হয় রবীন্দ্রনাথের গান শাওন গগনে ঘোর ঘনঘটা, বরিষা ধরা মাঝে শান্তির বাণী, কাজী নজরুলের গগনে কৃষ্ণ মেঘ দোলে ইত্যাদি। এসব গান, কবিতা, নৃত্য প্রাণ ছুয়ে যায় দর্শকদের। পিন পতন নীরবতায় তারা উপভোগ করে অনুষ্ঠান।
রবীন্দ্র নজরুল গীতির বাইরে আধুনিক ও ফোক গানেও দর্শকদের মুগ্ধ করে। যেমন আজ এ বৃষ্টির কান্না শুনে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই মেঘলা দিনে একলা ইত্যাদি।






















