চার দাবিতে উত্তাল কাকরাইল, জনস্রোতে পরিণত জবি আন্দোলন

- প্রকাশের সময় : ০৬:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 128

চার দফা দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কাকরাইল মোড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এলাকাটি জনস্রোতে পরিণত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের সামনে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে আন্দোলনকারীদের ঢল নামে। একের পর এক বাসে করে ক্যাম্পাস থেকে আসা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মোড়ে জড়ো হন। এ সময় এলাকায় প্রতিবাদী স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের হাতে ঝুলানো ছিল বোতলের মালা ও দাবিপত্র লেখা পোস্টার। স্লোগানে উঠে আসে— ‘সান্ডা না বোতল, বোতল বোতল’, ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’, ‘আমার ভাই অনশনে, ইন্টেরিম কি করে’, ‘বৈষম্যের বাজেট, মানি না মানব না’, ‘ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।
দর্শন বিভাগের ২০১৪-১৫ সেশনের সাবেক শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ২০১৬ সাল থেকে আমরা হলের দাবিতে আন্দোলন করে আসছি। বারবার শোষিত হওয়ার পরও কোনো সরকার আমাদের কথা শোনেনি। তাই নতুন প্রজন্মের এই আন্দোলনে আমরা সম্পূর্ণ সংহতি জানাই।
রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, জবির শিক্ষার্থীরা বহুদিন ধরে অধিকার আদায়ের সংগ্রামে আছে। এবার সরকারের উচিত দ্রুত দাবি মেনে নিয়ে সমাধানের পথ খুলে দেওয়া।
আন্দোলনকারীদের চার দফা দাবি হলো:
১. আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ‘আবাসন বৃত্তি’ চালু।
২. জবির ২০২৫-২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়া অনুমোদন।
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় অনুমোদন ও বাস্তবায়ন।
৪. শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার নিশ্চিত করা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে, সকাল থেকেই আশপাশ এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন দেখা গেছে।





















