জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ২
- প্রকাশের সময় : ০৬:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 127
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন— পারমিতা দত্ত ভুমি (১৭) ও তার বোন নিবেদিতা দত্ত (২১)। তারা কিশোরগঞ্জ সদরের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, পারমিতা মোবাইল দেখে উত্তরপত্র পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে তিনি শৃঙ্খলা কমিটিকে জানান। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি তাকে আটক করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, পারমিতা নিয়মবহির্ভূতভাবে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। মোবাইল ফোন দেখে ওএমআর শিট পূরণ করায় তাকে আটক করা হয়। তিনি নিবেদিতাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে নিবেদিতা তাকে পরীক্ষা হলের বাইরে থেকে উত্তরপত্র পাঠিয়েছিলেন বলে স্বীকার করেন। পরে তাদের দুইজনকেই আটক করা হয়।
তিনি আরো জানান, মোবাইল কোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। তাদেরকে আশুলিয়া থানা পুলিশে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি ডি ইউনিটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে জাবি ভর্তি পরীক্ষা শুরু হয় এবং বি ইউনিটের পরীক্ষা গ্রহণের মাধ্যমে শেষ হয়।
























