রাজবাড়ীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

- প্রকাশের সময় : ০৭:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / 290

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে উজ্জ্বল গাজী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত উজ্জ্বল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পাঁচথুপি গ্রামের মৃত আলী হোসেন গাজীর ছেলে।
বাদীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আসামি উজ্জ্বল সম্পর্কে ওই শিশুর খালু। ২০২০ সালের ১০ মার্চ তারিখে উজ্জ্বল তাদের বাড়িতে বেড়াতে যায়। শিশুর মা মেয়েকে রেখে শহরে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে উজ্জল শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে উজ্জ্বল গাজীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যড. উমা সেন জানান, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে ছিল।





















