গোয়ালন্দ মোড়ে নদী পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাক ।। ট্রাকের ভেতরে রান্না

- প্রকাশের সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / 565

জনতার আদালত অনলাইন ॥ গত বৃহস্পতিবার রাত দুইটায় গোয়ালন্দ মোড়ে এসেছি। শনিবার এখনো ফেরি পারের অপেক্ষায় আছি। কবে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ফেরি ঘাটে যাবো জানি না। এখানে খাবার হোটেল নেই,রাতে ঘুমানোর জায়গা নেই।তিন বেলা খেতে হলে যেখানে আছি সেখান থেকে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার খেতে হয়। মাঝে মধ্যেই ফেরি পার হতে এসে এই ভোগান্তির শিকার হতে হয়। তাই এবার বেড় হওয়ার সময় বাড়ি থেকে গ্যাসের সিলিন্ডার,চুলা,চাল,ডাল,তেল নিয়ে এসেছি। এখন বলতে পারেন এই ট্রাকেই অস্থিায়ী সংসার। এভাবেই কথা গুলো বলছিলো বাগেরহাট থেকে আসা ট্রাক চালক আব্দুল করিম। আরেক ট্রাক চালক ইকরামুল হোসেন বলেন, ফেরি ঘাট থেকে সতেরো কিলোমিটার দূরে কল্যানপুর বাজারে তিনদিন ধরে আটকে আছি।কখন ফেরিতে উঠবো আর কখন ঢাকায় পৌঁছাবো সেটা জানি না। শুক্রবার রাতে কলা আর পাউরুটি খেয়ে রাত কাটিয়েছি। পকেটের টাকা শেষের দিকে।যে টাকা আছে তাতে আজ শনিবার রাত পযর্ন্ত চলতে পারবো।তারপর কি করবো জানি না। সরেজমিন শনিবার দুপুরে দৌলদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়,জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকা পযন্ত যাত্রীবাহি বাস ও পণ্যবাহি ট্রাকের দীঘ সারি রয়েছে। এছাড়াও ঘাট থেকে তের কিলোমিটার দূরে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে রয়েছে আরও পাঁচ কিলোমিটার এলাকায় শত শত পণ্যবাহি ট্রাক। দুই স্থান মিলিয়ে পদ্মা পরের অপেক্ষায় রয়েছে ৯ কিলোমিটার যানবাহনের দীঘ সারি।যাত্রীবাহি বাস গুলোকে তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরিতে উঠতে। আর পণ্যবাহি ট্রাক গুলোতে গুনতে হচ্ছে তিন থেকে চার দিন। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা। ঈগল পরিবহনের যাত্রী ইব্রাহিম জানায়,শনিবার সকাল এগারোটায় দৌলতদিয়া ফেরি ঘাটে এসেছি। এখন দুপুর একটা বাজে এখনো ফেরিতে উঠতে পারলাম না। বাস থেকে নেমে পাশের চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম ঘাটে যেতে কত সময় লাগবে তিনি বললেন আরও প্রায় দুই ঘন্টা। বৃষ্টি আক্তার জানায়, খুবই ভোগান্তির শিকার হচ্ছি।এত জ্যাম যে ফেরিতে উঠতে সময় লাগছে তিন থেকে চার ঘন্টা। বাসের মধ্যে কত সময় বসে থাকা যায়। এই ঘাট এলাকায় নেই শৌচাগার ব্যবস্থা। পুরুষেরা না হয় আশপাশের ঝোপ ঝাড়ে যেতে পারে কিন্তু নারীরা কি করবে? বিআইডব্লিউটিসির কার্যালয় সূত্রে জানা যায়, এই রুটে ছোট বড় মিলে ২০ টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি পাটুরিয়া ঘাটে ডুবে গেছে। তিনটি ফেরি মেরামতের জন্য ভাসমান কারখানায় পাঠানো হয়েছে। একটি ফেরি ডুবে যাওয়া ফেরি উদ্ধারে আসা জাহাজ হামজার সাহায্য করছে।ফলে বতমানে ১৫ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়ায় ফেরি দূঘটনার কারণে পাঁচ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। যে কারণে ওই পাশে ঘাট সংকট থাকায় ফেরি ভিরতে সময় লাগছে। এছাড়াও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ওই রুটের যানবাহন এই রুট ব্যবহার করছে। মূলত এই তিনটি কারণেই দৌলদিয়া ঘাট এলাকায় যানবাহনের জট সৃষ্টি হচ্ছে। তবে ১৫ টি ফেরি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিআইডব্লিউটিসি। এবিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপকের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসির্ভ করেন নাই।





















