নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়লো যাত্রীবাহী বাস

- প্রকাশের সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / 277

জনতার আদালত অনলাইন ॥ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক ছেড়ে ট্রান্সপোর্ট অফিসে ঢুকে পড়ায় চারটি যান, একটি পানের দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত একটার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী একে ট্রাভেলসের বাসটি বসন্তপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা ট্রাক বন্দোবস্তকারী সংস্থার অফিসে ঢুকে পড়ে। এতে সেখানে থাকা তিনটি পিকআপ, একটি কাভার্ডভ্যান দুমড়ে মুচড়ে যায়। বাসটির ধাক্কায় দোকানটি খাদে পড়ে যায়।
দোকানটির মালিক আক্কাছ ফকির জানান, ওই বাসটির ব্রেক ভালো ছিলনা বলে জানিয়েছে বাসের হেলপার। একে ট্রাভেলসের বাসটি ট্রান্সপোর্ট অফিসে থাকা তিনটি গাড়িকে ধাক্কা দিয়ে তার দোকানে ঢুকে পড়ে। এতে দোকানটি নিচে পড়ে যায়। আর বাসটি একটি গাছের সঙ্গে গিয়ে বেধে যায়। ঘটনার সময় দোকানে কেউ ছিলনা। থাকলে আরও বড় অঘটন ঘটতো বলে জানান তিনি। এ দুর্ঘটনায় সব মিলিয়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাজবাড়ীর আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক।






















