নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন
- প্রকাশের সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 10
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ছয় মাসে সরকারের সবচেয়ে দৃশ্যমান বিষয় হলো নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা। সরকারের প্রতিটি কার্যক্রমে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিফলিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন দেখা গেছে। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে গণসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিলে সেখানে মানুষের ব্যাপক উপস্থিতি হয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে বর্তমান সরকার দায়িত্বশীলতা ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের পেছনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। গুম, খুন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, যেখানে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত থাকবে।
সরকারের কার্যক্রমে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার দাবি করে মাহদী আমিন বলেন, গত ছয় মাসে কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। অনেক ক্ষেত্রে বাকস্বাধীনতার সীমা অতিক্রম করে উস্কানিমূলক ও অশোভন আচরণ করা হলেও সরকার সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদ প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম পরিচালনা করছে। সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে পরস্পরের আলোচনা ও সমালোচনা করছেন এবং যৌক্তিকভাবে নিজেদের মতামত তুলে ধরছেন।
মাহদী আমিন জানান, সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেস উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















