নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ শিক্ষার্থীদের
- প্রকাশের সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
- / 88
নিরাপদ সড়কের দাবিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, দুইদিন আগে ফার্মগেট এলাকায় ট্রাকচাপায় সিফাত নামে এক যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন ও যান চলাচল বন্ধ করে দেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।
তিনি আরও জানান, সিফাত নামে এক প্রতিষ্ঠানের কর্মচারী নিহতের ঘটনায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারে কাজ চলছে।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি
১. সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও অননুমোদিত বাজার উচ্ছেদ করতে হবে।
৩. পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে।
৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা ও যানজট এড়াতে ফার্মগেট রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করতে হবে।
৫. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে তিনটি স্পিডব্রেকার, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।




















