মেট্রোরেল স্টেশনে ঢুকে ভ্রমণ না করলেও দিতে হবে ১০০ টাকা
- প্রকাশের সময় : ০৫:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 121
মেট্রোরেলের কোনো স্টেশনে প্রবেশ করে যাত্রা না করলে এখন থেকে দিতে হবে ১০০ টাকা জরিমানা। রাজধানীর বিভিন্ন মেট্রোরেল স্টেশনে এ বিষয়ে নোটিশ টানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আগে কোনো যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনে ঢোকার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। কিন্তু সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিনা ভাড়ায় ভ্রমণ ঠেকাতে সম্প্রতি এ নিয়ম পরিবর্তন করেছে ডিএমটিসিএল।
সংস্থার সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র এমআরটি পাস বা র্যাপিড পাস কার্ড ব্যবহার করে বিনা ভাড়ায় যাতায়াত করছিল। তারা দুটি দলে ভাগ হয়ে কাজ করত—এক দল থাকত ট্রেন ছাড়ার স্টেশনে, অন্য দল গন্তব্যে। শুরুর স্টেশনে কেউ কার্ড স্ক্যান করে ভেতরে ঢুকে কার্ডটি অন্য সদস্যের কাছে দিত, যিনি তা ব্যবহার করে বেরিয়ে যেতেন। ফলে সিস্টেমে দেখাত যাত্রী একই স্টেশন থেকে প্রবেশ ও প্রস্থান করেছেন, আর ট্রেনের ভাড়া কাটা হতো না।
২০ অক্টোবর থেকে ‘বিনা ভাড়ায় অ্যান্ট্রি-এক্সিট’ সুবিধা বন্ধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এখন থেকে যাত্রা না করেই স্টেশন থেকে বের হলে ১০০ টাকা জরিমানা গুনতে হবে।




















