ফিফা র্যাঙ্কিংয়ে সাত নম্বরে নেমে এসেছে ব্রাজিল
- প্রকাশের সময় : ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 113
৯ বছরে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ে এমন নিচে নেমে গেছে ব্রাজিল। জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-২ গোলে হারের পর সাত নম্বরে নেমে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০১৬ সালের আগস্টের পর এটিই তাদের সর্বনিম্ন অবস্থান।
অক্টোবর উইন্ডোতে এশিয়া সফরে গিয়ে ব্রাজিল প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারালেও পরের ম্যাচে জাপানের বিপক্ষে হোঁচট খায়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে তিন গোল খেয়ে ম্যাচ হারায় কার্লো আনচেলত্তির দল।
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্রাজিলের পয়েন্ট ১৭৫৮.৮৫। এর আগে তারা ছয়ে ছিল। এখন তারা নেমে গেছে সাত নম্বরে। সর্বশেষ ২০১৬ সালে ব্রাজিল ছিল নয় নম্বরে।
বিশ্বকাপ বাছাইয়েও ব্রাজিলের পারফরম্যান্স ভালো নয়। কনমেবল বাছাইপর্বে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পয়েন্ট ২৮— যা তাদের ইতিহাসে সবচেয়ে খারাপ সাফল্যের হার (৫১ শতাংশ)।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে স্পেন। দ্বিতীয় স্থানে উঠেছে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স। ইংল্যান্ড ও পর্তুগাল যথাক্রমে চারে ও পাঁচে আছে।
অন্যদিকে বাংলাদেশের একধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে ১৮৩তম স্থানে উঠেছে হামজা-জামালরা। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে ড্র করায় এ উন্নতি এসেছে।























