দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
- প্রকাশের সময় : ১২:৩২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 104
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীসহ সারাদেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু পর্যালোচনা করা হয়। জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানান।
প্রধান উপদেষ্টা দেশের সাম্প্রতিক কিছু আলোচিত ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেন।






















