নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ছাড়তে না চাওয়ায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা

- প্রকাশের সময় : ০৮:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 12

কার্যক্রম ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে মেজো ছেলের সঙ্গে সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বরগুনার আমতলীর এক বাবা। এ বিষয়ে নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিট করেছেন বাবা ইদ্রিস মৃধা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এফিডেভিট সূত্রে জানা যায়, ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ওয়াপদা সড়ক এলাকার বাসিন্দা। ছেলের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে একাধিকবার আপত্তি জানিয়ে তাকে রাজনীতি থেকে বিরত থাকার পরামর্শ দেন ইদ্রিস মৃধা। তবে বাবার নিষেধ উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকায় তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে ছেলের সঙ্গে সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তিনি।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আমতলীর নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে রাহাত মৃধার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে এফিডেভিট করেন ইদ্রিস মৃধা। বিষয়টি রবিবার (২৯ নভেম্বর) জানাজানি হয়।
ইদ্রিস মৃধা বলেন, ‘আমি কখনো রাজনীতি করিনি। ছেলেকেও এসব থেকে বিরত থাকতে বলেছি। কিন্তু সে আমার কথা শোনে না। তার কারণে আমাকে অনেক হয়রানির শিকার হতে হয়েছে। সে কারও কথার তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো চলে। তাই নিজের বাকি জীবনের ভবিষ্যতের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছি। এফিডেভিটের মাধ্যমে ঘোষণা করেছি, আমার মেজো ছেলে রাহাত মৃধার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ বা সম্পর্ক নেই।’
এ বিষয়ে রাহাত মৃধা জানান, বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই বাবা তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছেন। তবে ছাত্রলীগের রাজনীতি করা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।
























