ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল

- প্রকাশের সময় : ০১:২৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 6

ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শুরু হয়। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক হচ্ছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গুম-খুনের ঘটনাগুলোর বর্ণনা দিতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এসব গুম-খুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত হানেনি, আঘাত হেনেছে মানুষের জীবনের ওপর। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান। তাই এই বিচার শুধু বাংলাদেশের নয়, সমগ্র মানবতার পক্ষে জবাবদিহির দাবি।
রুহুল কুদ্দুস কাজল বলেন, এই বিচার নিহত মানুষকে ফিরিয়ে আনতে পারবে না। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাজারো বেদনাও ঘুচবে না। এরপরও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই বিচারের প্রয়োজন রয়েছে।

























