নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল জব্দ

- প্রকাশের সময় : ১১:৪৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 13

নওগাঁর ধামইরহাট সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে উপজেলার চকশব্দল এলাকায় এ অভিযান পরিচালনা করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীবের নির্দেশনায় চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
সীমান্ত পিলার ২৬৭/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল এলাকায় অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৯ বোতল ভারতীয় ফায়ারডিল সিরাপ জব্দ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।





















