জান্নাতে স্বামী যেন হুর না পান সেজন্য দোয়া করা যাবে?
- প্রকাশের সময় : ১২:০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 14
স্ত্রী কি স্বামীর জান্নাতে হুর না পাওয়ার জন্য দোয়া করতে পারবেন? এই প্রশ্নটি অনেক নারীই করে থাকেন। দুনিয়ার জীবনে যেহেতু নারীরা নিজের স্বামীর সঙ্গে নিজেকে ছাড়া অন্য কোনো স্ত্রী বা নারী সঙ্গীকে সহ্য করতে পারেন না, তারা ভাবেন, জান্নাতে স্বামীকে হুর দেওয়া হলে তাতেও তারা কষ্ট পাবেন। তাই তারা জানতে চান, কোনো আমল করে বা দোয়া করে জান্নাতে স্বামীর হুর পাওয়া ঠেকানো যাবে কি না।
এ প্রশ্নের উত্তর হলো, স্বামী যেন জান্নাতে হুর না পান, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত নয়। দুনিয়াতে যেমন কোনো সতীন হলে নারীর জন্য সেটা অসহনীয় হয়, তিনি কষ্ট পান, আখেরাতে বিষয়টি সেরকম থাকবে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানসিকতা যে রকম রেখেছেন, আখেরাতে এই মানসিকতা থাকবে না।
জান্নাতে আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে ঈর্ষা, হিংসা, দুশ্চিন্তসহ সব রকম কষ্ট দূর করে দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদের (জান্নাতবাসীদের) অন্তর থেকে সব বিদ্বেষ ও মনোকষ্ট দূর করে দেব। (সুরা আ‘রাফ: ৪৩)
আখেরাতে জান্নাত বা জাহান্নামের জন্য আল্লাহ তাআলা আমাদের পুনরায় সৃষ্টি করবেন এবং আমাদের তখনকার শারীরিক ও মানসিক অবস্থার সঙ্গে দুনিয়ার শারীরিক-মানসিক অবস্থার কোনো মিল থাকবে না। তাই সেখানে স্বামী হুর পেলে সহ্য করতে পারবেন না এ রকম দুশ্চিন্তা অমূলক ও অনর্থক।
স্ত্রী ও স্বামী দুজনেরই বরং দোয়া করা উচিত আল্লাহ তাআলা যেন তাদের জান্নাত দান করেন, জান্নাতে তাদের একত্র করেন।
জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রার্থনার হাদিসে বর্ণিত একটি সহজ দোয়া হলো,
اللَّهُمَّ إنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَسْتَجِيْرُ بِكَ مِنَ النَّارِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউজু বিকা মিনান্নার।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ)
এই দোয়াটি আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা সাতবার করে পড়তে পারি। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত নবিজি (সা.) বলেছেন, কোনো বান্দা যদি দিনে সাতবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, তবে জাহান্নাম বলে, হে আমার রব! অমুক বান্দা আপনার কাছে আমার কাছ থেকে আশ্রয় চেয়েছে, তাকে আশ্রয় দিন। কোনো বান্দা যদি দিনে সাতবার জান্নাত প্রার্থনা করে, জান্নাত বলে: ‘হে আমার প্রভু! অমুক বান্দা আমার প্রার্থনা করেছে, তাকে জান্নাতে প্রবেশ করান। (মুসনাদে আবু ইয়া’লা)
আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, কেউ জান্নাতের জন্য আল্লাহ তাআলার কাছে তিনবার প্রার্থনা করলে জান্নাত বলে, হে আল্লাহ! তাকে জান্নাতে প্রবেশ করান। কেউ তিনবার জাহান্নাম হতে আশ্রয় চাইলে জাহান্নাম বলে, হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। (সুনানে তিরমিজি)





















