হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান
- প্রকাশের সময় : ০৫:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 10
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হাসপাতালটিতে হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়, ঢাকা থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে এমন রোগীদের ক্ষেত্রে নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী লেনদেন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে।
এছাড়া হাসপাতালে ভর্তি হার্টের রিং পরিহিত রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানির অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম।
অভিযানে প্রাপ্ত তথ্য এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।





















