অপ্রতিমের জানাজায় হাজারো মানুষের ঢল
- প্রকাশের সময় : ১২:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / 7
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে কোটবাড়ির গন্ধমতী এলাকায় অপ্রতিমের দাফন সম্পন্ন হয়।
১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদ ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততা থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। ঘটনার দিন বিকেল থেকে ওই যুবক অপ্রতিমের সঙ্গে ছিল বলে জানা গেছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটকের তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিস্তারিত তথ্য রোববার দুপুর ১২টায় জানানো হবে।




















