নাব্যতা সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ
- প্রকাশের সময় : ০৬:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / 1
পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথের ৭ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিকল্প ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার ভোর থেকে ৭ নম্বর ঘাটটি বন্ধ রাখা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহউদ্দিন বলেন, ‘বেশ কিছুদিন ধরেই নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ঘাটে ফেরি ভিড়তে সমস্যা হচ্ছিল। ফলে শুক্রবার ভোর থেকে এটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে ড্রেজিং করা প্রয়োজন। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) জানানো হয়েছে।’
তিনি আরও জানান, ৭ নম্বর ঘাট বন্ধ থাকলেও বিকল্প হিসেবে ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ফলে ঘাট এলাকায় তীব্র যানজট বা যাত্রীদের বড় ধরনের ভোগান্তি তৈরি হয়নি।
বর্তমানে এ নৌপথে অনুমোদিত ১৮টি ফেরির মধ্যে ১২টি সচল রয়েছে।



















