কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি
- প্রকাশের সময় : ০৪:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 21
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলায় সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় সুধীজন অংশ নেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। পরে পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা তারিকুল ইসলাম সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রিপন কুমার শীল, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলী, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, মদাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মদন কুমার প্রামাণিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, নির্মাণাধীন ভবন কিংবা আশপাশের কোনো স্থানে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
























