পাটকাঠিবাহী নসিমনে বহন করা হচ্ছিল ফেনসিডিল
- প্রকাশের সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 66
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে মঙ্গলবার সকালে পাটকাঠিবাহী নসিমন তল্লাশী চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে| এসময় শাহিনুর মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়| সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ˆবরাগীরচর গ্রামের আরজেত মন্ডলের ছেলে|
র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় চেক পোস্ট বসিয়ে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী পাটকাঠিবাহী একটি নসিমন আটক করা হয়| পরে তল্লাশী চালিয়ে নসিমনে থাকা পাটকাঠির ভেতরে বিশেষ কায়দায় রাখা একটি ব্যাগের মধ্যে ২২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়| এসময় এক ব্যক্তিকে আটক করা হয়| যার বাজার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা|
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী| সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য এনে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত| আটক ব্যক্তিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা হয়েছে|






















