বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
- প্রকাশের সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 12
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী বলেন, সরকার ইলিশের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।
তিনি বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং এর উদ্বোধন হবে চাঁদপুরে।
মন্ত্রী জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে বলেও জানান তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।




















