প্রচলিত আইনে অর্থপাচার ও তছরুপকারীদের বিচার করা হবে : সংসদে প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ০৭:১৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 18
অতীতের মতো কোনো জোরজবরদস্তি নয়, বরং দেশের প্রচলিত আইন মেনে অর্থপাচারকারী ও তছরুপকারীদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, জনগণের পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইনগতভাবেই সব প্রক্রিয়া গ্রহণ করা হবে।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
পাচার হওয়া অর্থ ফেরানো সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি জনগণের অর্থ এবং জনগণের জন্য তা ফিরিয়ে আনা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের অর্থ দেশের কল্যাণে ব্যয় করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, জনগণের অর্থ ফেরাতে প্রয়োজনীয় সব পদক্ষেপই সরকার গ্রহণ করবে।
অর্থ পাচারকারীদের তালিকা প্রণয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের নয়; সরকারের সংশ্লিষ্ট বিভাগই তালিকা প্রস্তুত করছে।
তিনি আরও বলেন, অতীতে কিছু ক্ষেত্রে আইন-নীতির তোয়াক্কা না করে জোরপূর্বক কার্যক্রম চালানো হয়েছে, তবে বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচার প্রক্রিয়া পরিচালনা করতে চায়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইন মেনেই বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে, যাতে কেউ ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।


















